একটি আধুনিক, পরিবেশবান্ধব, সুশাসিত ও মানবিক মডেল পৌরসভা বিনির্মাণে আমাদের সুনির্দিষ্ট ১৩ দফা রূপরেখা।
কালাই আমাদের জন্মভূমি, আমাদের ভালোবাসার ঠিকানা। কিন্তু দীর্ঘদিনের অবহেলা, অপরিকল্পিত নগরায়ণ এবং সুশাসনের অভাবে আমাদের এই প্রিয় পৌরসভা নাগরিক সুবিধার দিক থেকে এখনো অনেক পিছিয়ে। বর্ষায় জলাবদ্ধতা, ভাঙাচোরা রাস্তা, আধুনিক ড্রেনেজের অভাব, বর্জ্য ব্যবস্থাপনার সংকট এবং যুবসমাজের কর্মসংস্থানের সুযোগের অভাব আজ প্রতিটি কালাইবাসীর নিত্যদিনের কষ্ট।
আমি বিশ্বাস করি—সততা, আধুনিক পরিকল্পনা এবং আন্তরিক সদিচ্ছা থাকলে কালাইকে উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ পরিচ্ছন্ন ও মানবিক পৌরসভায় রূপান্তর করা সম্ভব। আসুন, দলমত নির্বিশেষে আমরা সবাই মিলে একটি সুন্দর কালাই গড়ে তুলি।
নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়নে প্রতিটি ক্ষেত্রের জন্য বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা।
পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে ডোর-টু-ডোর নিয়মিত বর্জ্য সংগ্রহ ব্যবস্থা চালু, নির্দিষ্ট ডাম্পিং স্টেশন তৈরি এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে জৈব সার উৎপাদনের উদ্যোগ গ্রহণ।
কালাই পৌর এলাকার প্রধান ও সংযোগকারী প্রতিটি রাস্তা টেকসই উপকরণ দিয়ে সংস্কার ও প্রশস্তকরণ। প্রতিটি গলিতে আধুনিক এলইডি সড়কবাতি স্থাপন করে রাতের কালাইকে নিরাপদ রাখা।
মাষ্টারপ্ল্যানের অধীনে সমন্বিত ভূগর্ভস্থ ও পাকা ড্রেনেজ নেটওয়ার্ক নির্মাণ। প্রাকৃতিক খালের সাথে ড্রেনের সংযোগ দিয়ে বর্ষার পানির দ্রুত নিষ্কাশন নিশ্চিত করা।
পৌরসভার প্রতিটি ওয়ার্ডে কেন্দ্রীয় গভীর নলকূপ ও পানি শোধনাগার স্থাপন। পাইপলাইনের মাধ্যমে প্রতিটি পরিবারে আর্সেনিকমুক্ত নিরাপদ সুপেয় পানির সরবরাহ নিশ্চিতকরণ।
দরিদ্র ও অদম্য মেধাবী শিক্ষার্থীদের জন্য "পৌর মেধা বৃত্তি তহবিল" গঠন। তরুণ প্রজন্মের জ্ঞানচর্চায় আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত পৌর কেন্দ্রীয় ডিজিটাল পাঠাগার স্থাপন।
পৌর স্বাস্থ্যকেন্দ্রের আধুনিকায়ন, বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে স্বল্পমূল্যে চিকিৎসা সেবা এবং জরুরি রোগীদের জন্য সার্বক্ষণিক ফ্রি/ভর্তুকিযুক্ত পৌর অ্যাম্বুলেন্স সার্ভিস চালু।
কালাইয়ের তরুণদের জন্য খেলার মাঠ সংস্কার, নিয়মিত ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন এবং মাদকের বিষবাষ্প থেকে যুবসমাজকে বাঁচাতে কঠোর সামাজিক ও প্রশাসনিক প্রতিরোধ।
পৌর এলাকার নারীদের ঘরে বসে আয়ের সুযোগ সৃষ্টিতে সেলাই, হস্তশিল্প ও উদ্যোক্তা প্রশিক্ষণ প্রদান। বিধবা, তালাকপ্রাপ্ত ও অসহায় নারীদের জন্য বিশেষ কল্যাণ ভাতা ও সহায়তা।
কালাইয়ের শিক্ষিত বেকার তরুণদের কারিগরি দক্ষতা, কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান। নতুন উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে জামানতবিহীন ঋণ সহায়তা ও পথনির্দেশনা।
কালাইয়ের ব্যবসা-বাণিজ্যের প্রসার ও ঐতিহ্যবাহী হাট-বাজারের অবকাঠামো উন্নয়ন। কালাইয়ের কৃষক ভাইদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পেতে আধুনিক কৃষিপণ্য পাইকারি শেড নির্মাণ।
পৌর এলাকায় বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ, নদী ও ঐতিহ্যবাহী পুকুরগুলো সংরক্ষণ। পরিবারের সবাইকে নিয়ে অবসর সময় কাটানোর জন্য একটি আধুনিক শিশু ও পারিবারিক পৌর পার্ক নির্মাণ।
জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স ঘরে বসে অনলাইনে পরিশোধের আধুনিক মোবাইল অ্যাপ ও ওয়ান-স্টপ ডিজিটাল সেবা কাউন্টার চালু।
পৌরসভায় কোনো ধরনের ঘুষ, দুর্নীতি ও দালালচক্র বরদাস্ত করা হবে না। প্রতি ৬ মাস অন্তর প্রতিটি ওয়ার্ডে প্রকাশ্য নাগরিক গণশুনানি আয়োজন করা হবে, যেখানে মেয়র ও কাউন্সিলরগণ জনগণের মুখোমুখি হয়ে কাজের হিসাব দেবেন এবং সরাসরি মতামত গ্রহণ করবেন।
কালাই পৌরসভার কোন সমস্যাটি সবার আগে সমাধান করা উচিত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান পরামর্শ আমাদের পরিকল্পনাকে আরও সমৃদ্ধ করবে।
আপনার মতামত পাঠান